
জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুর-ময়মনসিংহ সীমান্তজুড়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিক্স সামগ্রী ও কমলা ফলসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। বিজিবি জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ীর বুরুঙ্গা পোড়াবাড়ী, ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাটের ডুমনিকুড়া ও বান্দরকাটা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সোমবার রাতে এসব এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া এলাকা থেকে মৃত শাহাজাহানের পুত্র মো. সাদ্দাম হোসেনকে ৩৬৯ বোতল ভারতীয় মদ ও দুটি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়। একই দিনে অন্য অভিযানগুলোতে ভারতীয় নেভিয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিক্স পণ্য এবং কমলা ফল জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত ভারতীয় মদ ও অন্যান্য চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। আটককৃত আসামিকে হস্তান্তরসহ পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা সুরক্ষায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমরা কঠোর অবস্থানে কাজ করে যাচ্ছি।”

জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর 


















