
মো: রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের উত্তর কাট্টালীতে বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব উত্তর কাট্টালী হযরত আসদ আলী জামে মসজিদে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান ছিল গভীর আধ্যাত্মিক পরিবেশে। মাহফিলে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দীন টুনু এবং উত্তর কাট্টালী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মেসবাউদ্দীন চৌধুরী। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেন। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানের সময় উপস্থিত জনতা দেশনেত্রীর সুস্থতা কামনা করে মিলাদে অংশ নেন এবং একত্রে প্রার্থনায় যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়ে বলেন, দোয়ার মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তার সুস্থতা আমাদের সবার জন্য আশা ও শক্তির উৎস। জনগণের সেবা, ন্যায়ের রাজনীতি এবং দেশনেত্রীর জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে—এটাই আমাদের মূল দায়িত্ব। তিনি আরও বলেন, “আমরা সকলেই মিলেমিশে কাজ করলে দেশের জন্য ভালো কিছু করতে পারি। দোয়া ও মিলাদ শুধু আধ্যাত্মিক অনুপ্রেরণা নয়, বরং আমাদের রাজনৈতিক ঐক্য ও সংকল্পকে দৃঢ় করে। মাহফিল শেষে সালাউদ্দীন উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামীদিনে একত্রে দেশের জনগণের সেবা ও দেশনেত্রীর স্বার্থে কাজ করার আহ্বান জানান।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মো: রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: 


















