
মো: রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর কুমিরার ঐতিহ্যবাহী হযরত ডাউল চাউল মিয়া (রহ.) জামে মসজিদে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজীম সবুজ, যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে। তারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কদর। তিনি মিলাদে অংশ নেওয়া নেতাকর্মী ও মুসল্লিদের উদ্দেশে বলেন দোয়ার মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। তাঁর সুস্থতা আমাদের সবার জন্য আশার প্রদীপ—এটাই আমাদের শক্তির উৎস। জনগণের অধিকার রক্ষা, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি এবং দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। মিলাদ ও মুনাজাত শেষে ডা. কমল কদর উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয়দের অংশগ্রহণে মিলাদ মাহফিলটি এক অনুপ্রেরণামূলক সমাবেশে রূপ নেয়।

মো: রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















