
আবদুল মালেক হিরন, স্টাফ রিপোর্টার।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই। এখানে ব্যক্তি পরিচয় নয়; আমরা সবাই ধানের শীষের লোক। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে কুমিল্লার লাকসামে বিএনপির কার্যালয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনায় সমঝোতা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরকত উল্ল্যাহ বুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোনোভাবেই দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে একটি উঠান বৈঠকে যোগদানকালে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়। এতে সামিরা আজিম দোলা সহ উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
ওই ঘটনায় আসনটিতে মনোনয়ন পাওয়া মো. আবুল কালামের অনুসারীদের দায়ী করেন দোলা। ঘটনাটি তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করে বিএনপি। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। সূত্র আরো জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু সমঝোতা বৈঠক করেন।
তাঁর উপস্থিতিতে কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মো. আবুল কালাম ও মনোনয়ন বঞ্চিত সামিরা আজীম দোলার দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। তাঁরা এখন ঐক্যবন্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কুমিল্লা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা -৯ আসনে দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ারুল আজীমের মেয়ে সামিরা আজীম দোলা। এ সময় তাঁরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।
সমঝোতা বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট – লালমাই) আসনের বিএনপির মনোনীত প্রাথী মো. আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমেদসহ অন্য নেতারা।

আবদুল মালেক হিরন, স্টাফ রিপোর্টার। 


















